উত্তরের জেলা পঞ্চগড়ে ধীরে ধীরে তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতি জোরালো হচ্ছে। বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা ১৭ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করলেও সোমবার তা ১৬ ডিগ্রির ঘরে নেমে এসেছে। ফলে মাত্র একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টায় সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। এর আগের দিন একই সময়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

স্থানীয় বাসিন্দাদের তথ্যমতে, সকালে সূর্য ওঠার পর সারাদিন চড়া রোদ থাকলেও সন্ধ্যার পর থেকেই পরিবেশ বদলাতে থাকে। রাতে কুয়াশার বিস্তার ঘটে এবং সকাল পর্যন্ত ঠান্ডা অনুভূত হয়। ভোরের হিমেল বাতাস শীতের আবহ বাড়িয়ে তুললেও দিনের আলোতে রোদ বাড়ার সঙ্গে সঙ্গে শীতের ভাব কেটে যায়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, এই অঞ্চলে তাপমাত্রা ক্রমান্বয়ে কমছে এবং রাত ও ভোরে কুয়াশা পড়ার প্রবণতা দেখা যাচ্ছে। দিনের তাপমাত্রা তুলনামূলক বেশি থাকায় দিনে গরম এবং রাত থেকে ভোর পর্যন্ত ঠান্ডা অনুভূত হচ্ছে। আগামী দিনগুলোতে তাপমাত্রা আরও হ্রাস পেয়ে শীতের তীব্রতা বাড়তে পারে বলেও জানান তিনি।