রাজধানীর মিরপুরে পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজিব চন্দ্র দাস নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রোববার (১ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের প্যারাগন মাঠ এলাকার ৫৫ নম্বর বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টরের ১ নম্বর সড়কের ৫৫ নম্বর বাড়ির সামনে প্যারাগন মাঠ এলাকা থেকে রাজিব চন্দ্র দাসকে আটক করা হয়েছে।
পূর্বে, পোশাক শ্রমিকদের আন্দোলনের সময়ে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে স্বীকারোক্তিমূলক পোস্ট দেন রাজিব চন্দ্র দাস।
রোববার মিরপুরে শ্রমিকদের বিক্ষোভ চলাকালে মিরপুর-১১ মেট্রো স্টেশনের নিচে এ ঘটনা ঘটেছে। ফলে সাময়িক সময়ের জন্য মিরপুর-১০ মেট্রো স্টেশন বন্ধ রাখা হয় এবং যান চলাচলও বন্ধ হয়।
খবর পেয়ে পল্লবী ফায়ার সার্ভিস স্টেশনের দল ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকালে টানা দ্বিতীয় দিনের মতো মিরপুর-১০ গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিক্ষোভ করেন নানা পোশাক কারখানার শ্রমিকরা। এ সময়ে তাদের সড়ক থেকে সরিয়ে দেয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে।








