স্থায়ী পার্কিংয়ের জায়গা বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে বেসরকারি অ্যাম্বুলেন্স মালিক সমিতি। এর ফলে হাসপাতালের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসা নিতে আসা রোগী এবং মৃত ব্যক্তির মরদেহ বাড়ি ফিরিয়ে নিতে আসা স্বজনরা অ্যাম্বুলেন্স না পেয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল চত্বরে বেসরকারি অ্যাম্বুলেন্সের সেবা বন্ধ থাকার পাশাপাশি বাইরে থেকে নিয়ে আসা গাড়িও ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। অন্তঃসত্ত্বা এক আত্মীয়কে নিয়ে হাসপাতালে এসে মৃত্যুর পর বিপদে পড়েন আব্দুর রহমান নামে এক ব্যক্তি। তিনি জানান, সন্তান জন্ম দেওয়ার কথা থাকলেও রাতে ওই নারী মারা যান। এরপর বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনো অ্যাম্বুলেন্স মেলেনি। বাইরে থেকে একটি ফ্রিজিং গাড়ির ব্যবস্থা করার চেষ্টা করা হলেও সেটি হাসপাতালের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।
স্বজন হারানো আরও অনেকে একই ধরনের অভিযোগ করেছেন। এক রোগীর স্বজন বলেন, “আমরা অ্যাম্বুলেন্স ও ফ্রিজিং গাড়ি-কোনোটিই পাচ্ছি না। বাইরে থেকে একটি গাড়ির ব্যবস্থা করেছি, কিন্তু সেটিও ভেতরে ঢুকতে দিচ্ছে না।” অপর একজন জানান, “ঢাকা মেডিকেলে রোগী ভর্তি করিয়েছিলাম। রাত ১১টা ১৫ মিনিটে তিনি মারা যান। এরপর থেকে এখন পর্যন্ত অ্যাম্বুলেন্স খুঁজছি, কিন্তু কোনো গাড়ি পাচ্ছি না। ভেতরে যাদেরই জিজ্ঞেস করছি, তারা বলছেন, বাইরে খুঁজতে। তারা কেউ যাবেন না।” রাত ১০টার দিকে রোগী মারা যাওয়ার পরও মরদেহ বাড়িতে নেওয়ার গাড়ি পাননি বলে জানান আরেক ভুক্তভোগী।
বাংলাদেশ অ্যাম্বুলেন্স মালিক কল্যাণ সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, পার্কিং সংক্রান্ত দাবি নিয়ে ঢামেক কর্তৃপক্ষের সঙ্গে একাধিক দফায় বৈঠক হলেও কোনো সমাধান আসেনি। সমিতির সাধারণ সম্পাদক বাদল মাদবর বলেন, “আগে যে নীতিমালা ছিল, তাতে অ্যাম্বুলেন্সের পার্কিংয়ের বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু বিভিন্ন হাসপাতালে গেলে পার্কিংয়ের ব্যবস্থা পাওয়া যায় না। রোগী ওঠানোর জন্য হাসপাতালের সামনে গেলেও আমাদের বিরুদ্ধে মামলা দেয়া হয়। সরকারি-বেসরকারি প্রায় সব হাসপাতালের সামনেই একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়। আমরা সুন্দর ও সুশৃঙ্খল পার্কিংয়ের ব্যবস্থা চাই। একজন সার্জেন্ট মামলা করলে ১৫ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত জরিমানা দিতে হয়। আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণ চাই।”
এ পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। সাধারণ মানুষের ভোগান্তি নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন চালক ও ভুক্তভোগীরা।







