সংগীতশিল্পী প্রীতম হাসান ও মডেল-অভিনেত্রী শেহতাজ মনিরা হাশেমের বিচ্ছেদের খবরে ভক্তদের মধ্যে নানা আলোচনা চলছিল। এই বিচ্ছেদের ঘোষণার পর দুজনই এতদিন চুপচাপ ছিলেন। সেই নীরবতা ভেঙে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কিছু ছবি প্রকাশ করেছেন শেহতাজ।

রোববার (১৮ অক্টোবর) ফেসবুকে শেয়ার করা ছবিগুলোতে এই অভিনেত্রীকে প্রকৃতির মাঝে হাসিমুখে ঘুরে বেড়াতে ও বন্য প্রাণীর ছবি তুলতে দেখা যায়। ছবিগুলো দেখে ধারণা করা হচ্ছে, তিনি দেশের বাইরের কোনো পর্যটনকেন্দ্রে অবস্থান করছেন। ছবির সঙ্গে বিস্তারিত কিছু না লিখে তিনি শুধু একটি উড়ন্ত পায়রার ইমোজি জুড়ে দিয়েছেন। ভক্তরা তার এই পোস্ট দেখে নানা মন্তব্য করছেন; কেউ তার মানসিক দৃঢ়তার প্রশংসা করছেন, আবার কেউ মনে করছেন তিনি নতুনভাবে নিজেকে গুছিয়ে নিচ্ছেন।

এর আগে গত ৫ অক্টোবর রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি যৌথ বিবৃতির মাধ্যমে নিজেদের বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। টানা পাঁচ বছর প্রেমের সম্পর্কে থাকার পর ২০২২ সালের অক্টোবরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা। দীর্ঘ এক দশকের পথচলার ইতি টানলেও একসঙ্গে কাটানো সময়ের জন্য একে অপরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দুজনই। সেই সঙ্গে আলাদা হয়ে গেলেও তাদের মধ্যকার পারস্পরিক শ্রদ্ধা ও শুভকামনা বজায় থাকবে বলেও উল্লেখ করেছিলেন তারা।