বিশ্বখ্যাত পপ রকস্টার মাইকেল জ্যাকসনের কালজয়ী গান ‘বিলি জিন’ গেয়ে এবং তার আইকনিক নাচ প্রদর্শন করে দুবাইয়ের মঞ্চে ঝড় তুলেছেন বলিউড গায়ক শান্তনু মুখোপাধ্যায় শান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও তিনি ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় নিজের ‘অল অব মি’ ট্যুর কনসার্টে মঞ্চে উঠে শান মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ গানটি পরিবেশন করেন এবং তাঁর আইকনিক নাচ দেখান, যা দর্শকদের মুগ্ধ করে।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ১ মিনিট ৪৬ সেকেন্ডের একটি পারফরম্যান্স ভিডিও প্রকাশ করেন শান। ভিডিওটিতে প্রায় ৩০ হাজার প্রতিক্রিয়া এসেছে, মন্তব্য জানিয়েছে প্রায় ১ হাজার ভক্ত, এবং এটি প্রায় ৭০০ বার শেয়ার করা হয়েছে।

ওই ভিডিওতে শান সাদা টিশার্ট ও প্যান্টের সঙ্গে মানানসই ভারী রূপালি সুতার কাজ করা কালো কোট পরে দেখা যায়। তিনি ১৯৮৩ সালে মুক্তিপ্রাপ্ত মাইকেল জ্যাকসনের বিশ্বখ্যাত গান ‘বিলি জিন’ গাইছেন এবং গানের সঙ্গে মঞ্চে নিখুঁতভাবে মাইকেল জ্যাকসনের বিখ্যাত ‘মুনওয়াক’ (Moonwalk) নাচও করেছেন।

শান মুনওয়াকসহ মাইকেলের একাধিক জনপ্রিয় নাচের মুদ্রাও উপস্থাপন করেন। কনসার্টের এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে।

ভারতীয় গায়ক, অভিনেতা, সঙ্গীত পরিচালক এবং অ্যাঙ্কর শান বলিউডের বহুমুখী প্রতিভার তারকা; তিনি হিন্দি, ইংরেজি, বাংলা, মারাঠি, তেলুগু, উর্দু এবং কন্নড়ে গান গেয়ে থাকেন এবং এইবার ভক্তদের হৃদয় ছুঁয়েছেন মাইকেল জ্যাকসনের ‘বিলি জিন’ দিয়ে।

প্রসঙ্গত, ‘বিলি জিন’ শিরোনামের গানে এক তরুণীর বর্ণনা রয়েছে, যে দাবি করেন তার নবজাতক পুত্রের বাবা যিনি তিনি তা অস্বীকার করছেন। গানটি বিলবোর্ড হট ১০০-এ এক নম্বরে পৌঁছেছিল আর তিন সপ্তাহের মধ্যে বিলবোর্ড হট ব্ল্যাক সিঙ্গেলস চার্টের শীর্ষস্থান দখল করেছিল। জ্যাকসন ৫-এর সদস্য থাকাকালীন সৃষ্ট এ গান মাইকেলের দ্রুততম উত্থানকারী এক নম্বর একক গান হিসেবে পরিচিত।