জাপানের বেসরকারি খাত থেকে আগামী পাঁচ বছরে বাংলাদেশে সর্বোচ্চ ১ লাখ কোটি জাপানি ইয়েন (প্রায় ৬৩০ কোটি মার্কিন ডলার) বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সম্ভাব্য বিনিয়োগের মাধ্যমে দেশের অভ্যন্তরে প্রায় দুই লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে জাপান সফর এবং দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের বিভিন্ন প্রসঙ্গ তুলে ধরে তিনি এ তথ্য জানান।
দ্বিপক্ষীয় সম্পর্কের ঐতিহাসিক প্রেক্ষাপট স্মরণ করে তারেক রহমান বলেন, “জাপানে আমার ঐতিহাসিক সফর বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্ব এবং কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি। পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আমার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ সম্পর্কের ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। আমার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাপান সফর ও দ্বিপক্ষীয় যোগাযোগের মাধ্যমে সম্পর্ককে আরও শক্তিশালী করেছিলেন।”
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী গণতন্ত্র, আইনের শাসন, অর্থনৈতিক বিকাশ এবং একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী জানান, আলোচনায় অংশীদারিত্বকে জনগণের জন্য দৃশ্যমান সুফলে রূপান্তর করাই ছিল প্রধান লক্ষ্য। পাশাপাশি দেশের জ্বালানি নিরাপত্তা জোরদার করতে জাপানের ‘পার্টনারশিপ ফর পাওয়ার এশিয়া’ উদ্যোগের অধীনে ৫ হাজার কোটি জাপানি ইয়েন (প্রায় ৩২ কোটি মার্কিন ডলার) জরুরি আর্থিক সহায়তার সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।
প্রধানমন্ত্রীর মতে, আগামী পাঁচ বছরে প্রস্তাবিত জাপানি বেসরকারি বিনিয়োগ দেশের শিল্পায়ন গতিশীল করতে, উৎপাদন ক্ষমতা বাড়াতে এবং তরুণ সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করতে বড় ভূমিকা রাখবে। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ক্লাউড কম্পিউটিং, রোবোটিকস এবং আধুনিক প্রযুক্তির বিকাশে ‘বাংলাদেশ-জাপান টেক পার্ক’ প্রতিষ্ঠার প্রস্তাব দেওয়া হয়। এছাড়া মহাকাশবিজ্ঞান, স্যাটেলাইট প্রকৌশল এবং দেশের প্রধান ছয়টি বিভাগীয় শহরের মধ্যে উচ্চগতির রেল সংযোগসহ আধুনিক পরিবহন অবকাঠামো উন্নয়নে জাপানের আর্থিক ও কারিগরি সহায়তার বিষয়েও কথা হয়েছে।
আলোচনায় বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি বলয় বা ‘বিগ-বি’ উদ্যোগকে এগিয়ে নেওয়ার ওপর জোর দেওয়া হয়, যার আওতায় গভীর সমুদ্রবন্দর, জ্বালানি, শিল্প অবকাঠামো ও আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থাকে প্রাধান্য দেওয়া হবে। এর পাশাপাশি বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) দ্রুত কার্যকর করা এবং মন্ত্রী পর্যায়ের যৌথ কমিশন গঠনের প্রস্তাবও স্থান পায়। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের সক্রিয় ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানানোর পাশাপাশি দেশটির সরকার ও জনগণের আতিথেয়তার প্রতি ধন্যবাদ জানান তারেক রহমান।







